বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির কমিটি গঠন

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারে বিশেষ সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
সভায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলকে অন্তর্ভুক্ত করে বৃক্ষরোপণের জন্য একটি সমন্বিত ও বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়ন করবে।
সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, নগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে ডিএসসিসি অঙ্গীকারবদ্ধ। সভায় জানানো হয়, পরিবেশ সংরক্ষণে ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সড়কের মিডিয়ানে প্রায় ১৮ হাজার গাছ রোপণ করা হয়েছে। এছাড়া গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে চলতি বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
বিজ্ঞাপন

সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বিশেষ করে সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে আরও কার্যকর ও সুদৃঢ় সমন্বয় গড়ে তোলার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








