জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, তদন্তের নির্দেশ

জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতি পর্যালোচনায় বিদ্যুৎ বিভাগের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত বিলের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং গ্রাহকসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, দেশের বিভিন্ন জেলার প্রশাসক এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের কারণ, সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতিতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে বিতরণ সংস্থাগুলোর প্রধানদের কাছে ব্যাখ্যা ও মতামত চাওয়া হয়।
বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে এ ধরনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়ার তথ্য জানাননি। তবে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সচিব বলেন, বিল প্রস্তুতের ক্ষেত্রে কোনো করণিক বা কারিগরি ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। একই সঙ্গে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা অসদুপায়ের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগের দ্রুত সমাধানের জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।








