‘সলেমান সোলার সেচপাম্প’ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে

দেশীয় উদ্ভাবনকে কৃষি খাতে কাজে লাগাতে ‘সলেমান সোলার সেচপাম্প’ সরকারি উদ্যোগে সারা দেশে সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারে ব্যাটারিবিহীন সৌরচালিত এ সেচপাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, উদ্ভাবক সলেমান আলীর এই প্রযুক্তি দেশের জন্য গর্বের। সরকারের পক্ষ থেকে এটি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এ উদ্ভাবনকে আরও উন্নত করতে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, সরকার কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে কম খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। সরকারি সহযোগিতা পেলে এ প্রযুক্তি দেশের বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের স্থানীয় উদ্যোক্তা মো. সলেমান আলী ব্যাটারিবিহীন সৌরচালিত একটি সেচ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা প্রতি একর জমিতে গড়ে প্রায় ৪ হাজার টাকা পর্যন্ত সেচ ব্যয় সাশ্রয় করতে পারেন।








