গ্যাস বিলের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল আদায়ের নামে সক্রিয় প্রতারক চক্র সম্পর্কে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সম্প্রতি জারি করা এক জরুরি সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, তিতাসের পরিচয় ব্যবহার করে একটি চক্র সাধারণ গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারকরা নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মুঠোফোনে কল করছে। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে ভয়ভীতি প্রদর্শন করছে এবং দ্রুত বিল পরিশোধের চাপ সৃষ্টি করে ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছে।
এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস বলছে, শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোতে এবং অনলাইন ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হলো। কারো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করবেন না।
বিজ্ঞাপন
সতর্কবার্তায় প্রতারক চক্র থেকে রক্ষা পেতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে গ্রাহকদেরকে। প্রয়োজনে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে (https://titasgas.gov.bd) প্রদত্ত নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে এতে।








