ইরানের স্পিকারের সঙ্গে বৈঠক, খামেনি হত্যার নিন্দা হাফিজ উদ্দিনের

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে তেহরানে বৈঠক করেছেন। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
বৈঠকের শুরুতে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান স্পিকার গালিবাফ।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে তিনি জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়ও তুলে ধরেন।
বৈঠকে হাফিজ উদ্দিন আহমেদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ইরানের জনগণসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।
স্পিকার আরও বলেন, চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধান সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এ সময় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমেদ।
খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। বিমানবন্দরে তাকে ও প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই।








