ট্রাইব্যুনালের গেট থেকে সুখরঞ্জনকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি

২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় সাফাই সাক্ষী দিতে এসে অপহরণ ও গুমের শিকার হওয়া সুখরঞ্জন বালীকে তুলে নেওয়ার ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) অনুরোধের ভিত্তিতে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা ছিল।
বিজ্ঞাপন
ডিবির অতিরিক্ত কমিশনার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সেদিন হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর সুখরঞ্জন বালীকে তিনি চড় মারেন এবং শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নেন। এ ঘটনায় ফজলুর রহমান ও তার টিম সরাসরি জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে।








