আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির রাজনৈতিক পতন ঘটেছে এবং ভবিষ্যতে তারা আর দেশের রাজনীতিতে অংশ নিতে পারবে না।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চলমান ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। তার দাবি, অরাজনৈতিক পরিচয়ের ব্যানারে পরিচালিত সেই আন্দোলনের সফল সমাপ্তির পেছনে পর্দার আড়ালের নানা সমন্বয় কাজ করেছে।
বিজ্ঞাপন
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা অনেক। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে এবং সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের একটি অংশ বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বিজ্ঞাপন
এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং তাদের পুনরায় রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা উচিত নয়। তার ভাষায়, জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবসা বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা জনগণ ভালোভাবে নেবে না এবং এ ধরনের কর্মকাণ্ডের পরিণতিও মানুষ দেখবে।








