Logo

জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি, শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে জিডি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৫:২৭
জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি, শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে জিডি
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। পরে সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়।

অভিযোগপত্রে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে জিডি হয়েছে। যেহেতু বিষয়টি সাইবার সংশ্লিষ্ট, তাই অভিযোগটি যাচাই-বাছাই ও তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্র জানায়, অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্য, ভিডিও ও পোস্টের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে ডিবির দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম বলেন, শাহবাগ থানা থেকে পাঠানো ফরওয়ার্ডিং চিঠি এখনো তাদের হাতে পৌঁছেনি। নথি পাওয়ার পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামও জানান, অভিযোগ দায়েরের বিষয়টি তিনি জেনেছেন। তবে সংশ্লিষ্ট নথি এখনো ডিবির কাছে পৌঁছায়নি। নথি হাতে এলে অভিযোগ পর্যালোচনা করে তদন্ত শুরু করা হবে।

অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরাম দাবি করেছে, জুলাই আন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে বিপুলসংখ্যক মানুষ প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন। সেই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ড জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির অভিযোগ অনুযায়ী, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে, মেহের আফরোজ শাওন তার বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং আন্দোলন ও রাষ্ট্র সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করেছেন এবং আন্দোলনকারীদের অভিনয়ের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়েছেন, যা বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগে উল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম। তবে অভিযোগগুলো এখনো তদন্তাধীন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD