Logo

হত্যা-নির্যাতনের দায়ীদের অবশ্যই বিচার হবে: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৪:৪৬
হত্যা-নির্যাতনের দায়ীদের অবশ্যই বিচার হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিচার প্রক্রিয়ায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি অবিচারের শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বিচার নিশ্চিত করার নামে যেন কোনো ধরনের অবিচার না ঘটে, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে বিচারব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে মানুষের প্রতি অন্যায় করা হয়েছিল। নতুন বাংলাদেশে সেই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দেশের মানুষ দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থে রাজপথে নেমেছিলেন। তার ভাষায়, ৫ আগস্টের অর্জন কোনো একক রাজনৈতিক দলের নয়; এটি পুরো জাতির সম্মিলিত অর্জন।

তিনি বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, রাষ্ট্র তাদের আত্মত্যাগ যথাযথ মর্যাদায় মূল্যায়ন করবে এবং শহীদ ও আহতদের প্রতি সংঘটিত অন্যায়ের বিচার নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

বক্তব্যে আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে আন্দোলনের সার্বিক পরিস্থিতি এবং আহত-নিহতদের খোঁজখবর রাখার চেষ্টা করেছেন।

তিনি উল্লেখ করেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং অনেকে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং আহতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা জীবন দিয়েছেন তারা দেশের জন্যই আত্মত্যাগ করেছেন। রাষ্ট্র তাদের এই অবদানকে সম্মান জানাবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে। একই সঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তির প্রতি যেন অবিচার না হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের সামনে এখন নতুনভাবে রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই লক্ষ্য অর্জনে সব রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD