ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ১০ লেন: গণপূর্ত মন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভাগীয় শহরগুলোতে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং কুমিল্লার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে এবং যানজট কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কুমিল্লাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে একটি করে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কমপ্লেক্সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আদলে বিভিন্ন ধরনের আধুনিক ক্রীড়া সুবিধা রাখা হবে, যাতে দেশের তরুণ ক্রীড়াবিদরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পান।
সমাবেশে কুমিল্লার উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। এর মধ্যে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ এবং জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের নানা পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। বক্তারা কুমিল্লার যোগাযোগ, ক্রীড়া, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।








