Logo

ভারতীয় ভিসার স্লট পেতে ভোগান্তি, আবেদনকারীদের দীর্ঘ লাইন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই, ২০২৬, ১৫:৩৮
ভারতীয় ভিসার স্লট পেতে ভোগান্তি, আবেদনকারীদের দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ঘিরে রবিবার সকাল থেকেই ছিল আবেদনকারীদের দীর্ঘ সারি। কেউ নতুন ভিসার আবেদন জমা দিতে, কেউ পাসপোর্ট সংগ্রহ করতে, আবার কেউ চিকিৎসা বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র জমা দিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। তবে বেশিরভাগ আবেদনকারীর অভিযোগ ছিল অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বা ‘স্লট’ পাওয়া নিয়ে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) ভিসাকেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শত শত মানুষ নির্ধারিত সেবার জন্য আলাদা লাইনে অপেক্ষা করছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীর সংখ্যাও বেড়েছে।

অনেকেই জানান, ভিসাকেন্দ্রের ভেতরের সেবায় বড় ধরনের সমস্যা না থাকলেও স্লট সংগ্রহের প্রক্রিয়াই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর বাংলামোটরের বাসিন্দা রবিন মিয়া জানান, তাঁর ভিসার মেয়াদ গত ২৩ জুন শেষ হয়েছে। নতুন করে আবেদন করলেও অ্যাপয়েন্টমেন্টের স্লট পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, নির্ধারিত ভিসা ফি প্রায় ১ হাজার ৫৩০ টাকা হলেও দ্রুত স্লট পাওয়ার নামে ২৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে, যা তিনি অস্বাভাবিক বলে মনে করেন।

তিনি আরও বলেন, আগে অনলাইনে আবেদন করার পরের দিনই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সম্ভব হতো। কিন্তু বর্তমানে স্লটসংক্রান্ত জটিলতার কারণে সেই সুবিধা আর নেই। প্রয়োজনে ভিসা ফি বাড়ানো হলেও আবেদন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।

ট্যুরিস্ট ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে আসা ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ আরাফাত রহমান বলেন, এবার স্লট পেতে বড় কোনো সমস্যা না হলেও পুরো প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক বেশি সময়সাপেক্ষ মনে হয়েছে। তাঁর মতে, আবেদনকারীদের সুবিধার জন্য ভিসা আবেদন ব্যবস্থা আরও সহজ ও দ্রুত করা দরকার।

বিজ্ঞাপন

অন্যদিকে, গোপালগঞ্জের বাসিন্দা জয়ন্তী হালদার চোখের চিকিৎসার উদ্দেশ্যে প্রথমবার ভারতের ভিসার জন্য আবেদন করতে এসেছেন। ছেলেকে সঙ্গে নিয়ে তিনি দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেন। দিনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভিসাকেন্দ্রের নিরাপত্তা ইনচার্জ মতিউর রহমান জানান, অন্যান্য দিনের তুলনায় এদিন আবেদনকারীর সংখ্যা কিছুটা বেশি ছিল। বিশেষ করে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভিড় সবচেয়ে বেশি থাকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট বা ‘স্লট’ নিতে হয়। তবে আবেদনকারীদের অনেকেই বলছেন, ভিসাকেন্দ্রের সেবা নিয়ে বড় অভিযোগ না থাকলেও স্লট পাওয়ার জটিলতা এবং দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাদের উল্লেখযোগ্য ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD