Logo

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ডের নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৬:৪৬
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ডের নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ডের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন বিধি অনুযায়ী, ব্যবসা ও পর্যটন ভিসা (বি-১ ও বি-২) আবেদনকারীদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড নিতে পারবেন দেশটির কনস্যুলার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক ফেডারেল নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত চূড়ান্ত বিধি অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও আরও ৪৯টি দেশের নাগরিকদের জন্য এ ভিসা বন্ড কর্মসূচি প্রযোজ্য হবে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে ৩০টি আফ্রিকার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভুটান রয়েছে।

নতুন বিধিটি কেবল ব্যবসায়িক ও পর্যটন ভিসা, অর্থাৎ বি-১ ও বি-২ শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে তালিকাভুক্ত সব আবেদনকারীকেই বন্ড দিতে হবে—এমন বাধ্যবাধকতা নেই। আবেদনকারীর ক্ষেত্রে বন্ড প্রয়োজন কি না, সেটি সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু করা ভিসা বন্ড কর্মসূচির অভিজ্ঞতা ইতিবাচক ছিল। ওই কর্মসূচির মাধ্যমে ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে বন্ড কার্যকর ভূমিকা রেখেছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি।

পরীক্ষামূলক ব্যবস্থায় ৫ হাজার, ১০ হাজার ও সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড নেওয়ার সুযোগ ছিল। নতুন নিয়মে ৫ হাজার ডলারের বন্ডের স্তরটি বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন বিধি অনুযায়ী, কোনো আবেদনকারীর ভিসা দেওয়ার ক্ষেত্রে বন্ড প্রয়োজন বলে মনে করলে কনস্যুলার কর্মকর্তা সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার শর্ত দিতে পারবেন।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমানো এবং ভিসার শর্ত লঙ্ঘন ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অভিবাসন ও মানবাধিকার সংগঠনগুলো এ নীতির সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, বড় অঙ্কের বন্ডের কারণে বৈধভাবে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী অনেক ভ্রমণকারীও নিরুৎসাহিত হতে পারেন। একই সঙ্গে এটি আবেদনকারীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসন ঠেকাতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর অংশ হিসেবে বিভিন্ন ভিসার আবেদন ফি বাড়ানোর পাশাপাশি আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাইয়ের ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার এবং অভিবাসন আইন কার্যকর করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে, এ ধরনের নীতির ফলে মতপ্রকাশের স্বাধীনতা, যথাযথ আইনি প্রক্রিয়া এবং বৈষম্যের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD