Logo

তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল হচ্ছে বাংলাদেশ: মার্কিন দূত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৩:৫৮
তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল হচ্ছে বাংলাদেশ: মার্কিন দূত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, প্রযুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গর বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। এর একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরিতে ইতিবাচক পরিবর্তন এনেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মার্কিন বিশেষ দূত বলেন, এ পরিবর্তন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। আগামী মাসে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। বাংলাদেশে এফডিএর পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন সার্জিও গর।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)-এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত ও আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

এর জবাবে সার্জিও গর বলেন, বাংলাদেশে ডিএফসির বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। একই সঙ্গে ঢাকায় মার্কিন বিনিয়োগকারীদের উদ্যোগে শিগগির একটি ‘ইউএস ইনভেস্টর সামিট’ আয়োজনের আগ্রহের কথাও জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি নিজেও কাজ করছেন বলে উল্লেখ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। এসব খাতে বিনিয়োগ বাড়ানো গেলে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যপ্রযুক্তি খাতেও বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে মত দেন সার্জিও গর। ভবিষ্যতে বাংলাদেশ ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হতে পারে বলেও তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এর আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন মার্কিন বিশেষ দূত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করে কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে। এ জন্য মার্কিন সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সার্জিও গর বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। এ ক্ষেত্রে আসিয়ান, প্রতিবেশী দেশগুলোসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD