Logo

প্রশাসককে নিয়ে রাতের ঢাকায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৬, ১১:২৩
প্রশাসককে নিয়ে রাতের ঢাকায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে রাতের ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরাসরি পর্যবেক্ষণ করতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পরিচালিত এই আকস্মিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন। তিনি জানান, রাজধানীর নাগরিক সেবা কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা বাস্তব পরিস্থিতিতে যাচাই করতেই এই সফরের আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী রাজধানীর সড়কের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, ফুটপাতের ব্যবহার, সড়কবাতির কার্যকারিতা, যান চলাচলের পরিস্থিতি এবং সামগ্রিক নগরসেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

এ সময় নগর পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে রাতের বেলায় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক ব্যবস্থাপনার কাজ কীভাবে বাস্তবায়িত হচ্ছে, তা সরাসরি পর্যবেক্ষণেই গুরুত্ব দেওয়া হয়। সরকারি সেবার মান উন্নয়ন এবং নাগরিক ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকর করার ওপরও তিনি জোর দেন।

বিজ্ঞাপন

সরকারি সূত্রে জানা গেছে, রাজধানীর সার্বিক নগর ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব চিত্র জানতে এবং মাঠপর্যায়ের কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবেই এই আকস্মিক রাতের পরিদর্শন পরিচালিত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগেও পবিত্র ঈদুল আজহার সময় প্রধানমন্ত্রী একই ধরনের রাতের পরিদর্শনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিলেন। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীর নাগরিক সেবা আরও উন্নত করা, দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের কার্যক্রমের বাস্তব অবস্থা যাচাই করতেই প্রধানমন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD