প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন ৩ প্রতিবন্ধী

কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে দিনের সরকারি কার্যক্রম শুরুর আগেই তাদের হাতে এই নিয়োগপত্র প্রদান করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তিনজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণের পর তিনজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষায়, এটি শুধু একটি চাকরি নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা সত্ত্বেও তারা পা দিয়ে লিখে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন
নীলা খাতুন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে আয়শা আক্তারও পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দুই হাত না থাকায় তিনি মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে নড়াইল সদর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক নীতির একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন না, বরং দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।








