Logo

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৫
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে মৎস্য ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ আহরণ বন্ধে কোস্টগার্ড সদস্যদের সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে নতুন পেট্রোল বোট ও আধুনিক উদ্ধারকারী হেলিকপ্টার সংগ্রহ এবং এভিয়েশন উইং প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ও তুলে ধরা হয়।

এ সময় দেশের জলসীমা, সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোস্টগার্ডের মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়ন ও কার্যক্রমে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD