বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অংশীদারত্বের নতুন ক্ষেত্র তৈরি করা প্রয়োজন। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে ভিয়েতনামের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণের জন্য ভিয়েতনামের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম সফরের কথা স্মরণ করেন। তিনি দুই দেশের জনগণের ঐতিহাসিক বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
দুই দেশের বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রপ্তানি বাড়াতে ভিয়েতনামের বাজারে আরও সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য ভিয়েতনামে আরও বেশি আমদানির আহ্বান জানান রাষ্ট্রপতি।
বিদায়ী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন ও বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। নিজ দেশে ফিরে যাওয়ার পরও দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। পাশাপাশি ভিয়েতনামের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








