গণতন্ত্র রক্ষায় কর আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত করতে কর আইনজীবীসহ সব শ্রেণি-পেশার নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ২৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে। শিশু হত্যার মতো ঘটনা এবং একটি পরিবারের পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার মতো ঘটনাকে তিনি দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকেরই অপরাধ প্রতিরোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায় সোচ্চার হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গণতন্ত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সময় পর দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরেছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব এই ব্যবস্থাকে রক্ষা করা এবং পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা থেকে সরে না যাওয়া। ব্যক্তিকেন্দ্রিক শাসন কাঠামোর পরিবর্তে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকারকে সময় দেওয়ার কথাও বলেন তিনি।
সাক্ষাৎকালে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান সংগঠনের নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির সহযোগিতা চান।
বিজ্ঞাপন
সংগঠনের সাবেক সভাপতি মো. আব্দুল মতিন দেশের কর আইনজীবীদের প্রশিক্ষণ এবং তাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা দেখভালের জন্য ট্যাক্সেস বার কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন আহমেদ দেশের প্রায় ৪২ হাজার কর আইনজীবীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে কর আইনজীবীদের ফোরামকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রপতি দেশের রাজস্ব আহরণে কর আইনজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। যারা আয়কর দেওয়ার যোগ্য, তাদের কর প্রদানের বিষয়টি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি কর আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








