সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।
বিজ্ঞাপন
রবিবার (৯ আগস্ট) সকালে ঢাকা ছাড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফর শেষে আগামী ১২ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে শামা ওবায়েদ ইসলামের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন তিনি।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের এই অবদানের স্বীকৃতি দিতে সিঙ্গাপুরে আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সিঙ্গাপুরে এটি বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের সরকারি সফর। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।








