Logo

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৬, ১৫:০৮
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, অর্থাৎ বাদ মাগরিব, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

সভায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে কি না—এ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস শুরুর তারিখ নির্ধারণ করা হবে। একই সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তা দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চাঁদ দেখার সংবাদ পৌঁছে দিতে বলা হয়েছে।

চাঁদ দেখার সংবাদ জানাতে যোগাযোগের নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD