ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সম্মেলন এখনও বেশ সময় দূরে। এর মধ্যে পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শামা ওবায়েদ বলেন, ব্রিকস সম্মেলন সামনে থাকলেও দেশের অভ্যন্তরে বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে। রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদের অধিবেশনসহ বেশ কিছু সাংবিধানিক কার্যক্রম সামনে রয়েছে। এসব কারণে সরকার ও প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন।
তিনি বলেন, এসব কর্মসূচির সঙ্গে সময় মেলানো সম্ভব হলে ভারত, জাপানসহ বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফর হতে পারে। তবে সবকিছুই সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশ সফরের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর সফরগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হলে বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনও রয়েছে এবং ভারতকেও তা কাজে লাগানো উচিত।
তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে বাংলাদেশের জনগণ বিষয়টি ভালোভাবে নেয় না। জুলাইয়ের ঘটনা এখনো মানুষের মনে গভীরভাবে রয়েছে এবং সেই সময়ের ক্ষতও পুরোপুরি শুকায়নি। তাই এ বিষয়ে সংবেদনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।
বিজ্ঞাপন
তবে দুই দেশের প্রধানমন্ত্রী যখন বৈঠকে বসবেন, তখন অনেক জটিল সমস্যার সমাধানের পথ বের হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। শামা ওবায়েদ আরও বলেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফর চূড়ান্ত হয়নি। ভারত সফরসহ অন্যান্য সফরের বিষয়গুলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।








