ভারতীয় ভিসা নিতে দালালদের থেকে সাবধান: হাইকমিশন

ভারতীয় ভিসা নিতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভিসা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এজেন্ট বা দালালদের বিশ্বাস না করার পাশাপাশি জাল বা পরিবর্তিত নথি জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১ আগস্ট) এক বার্তায় ভারতীয় হাইকমিশন এ সতর্কতা জারি করে। এতে বলা হয়, কিছু অসাধু দালাল ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ নেওয়ার পর তাদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প এবং বিভিন্ন দেশের ভুয়া ভিসা স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার ঘটনা হাইকমিশনের নজরে এসেছে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো শর্টকাট বা বিশেষ ব্যবস্থা নেই। তাই কোনো এজেন্ট বা দালাল সহজে ভিসা করিয়ে দেওয়ার নিশ্চয়তা দিলে তা বিশ্বাস না করার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।
ভিসা আবেদনে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
বিজ্ঞাপন
ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তায় কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—
নিশ্চিত ভিসার প্রতিশ্রুতিতে বিশ্বাস নয়: কোনো এজেন্ট যদি নিশ্চিত ভিসা, দ্রুত অনুমোদন বা বিশেষ ব্যবস্থায় আবেদন নিষ্পত্তির কথা বলে, তাহলে তার ওপর আস্থা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাইকমিশন জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাল নথি জমা দেওয়া যাবে না: মিথ্যা, মনগড়া, পরিবর্তিত বা জাল স্ট্যাম্প ও তথ্য থাকা পাসপোর্ট কিংবা অন্য কোনো নথি ভিসা আবেদনের সঙ্গে জমা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়ার সময় এ ধরনের জালিয়াতি শনাক্ত হতে পারে।
বিজ্ঞাপন
জাল নথির আবেদন বাতিল হতে পারে: ভুয়া বা বিকৃত নথিপত্র দিয়ে করা আবেদন বাতিল করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে হাইকমিশন।
দালালকে অর্থ না দেওয়ার পরামর্শ: ভিসা প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারবে—এমন দাবি করা কোনো এজেন্ট বা দালালকে অর্থ না দেওয়ার জন্য আবেদনকারীদের বলা হয়েছে।
সঠিক তথ্য ও নথি ব্যবহারের আহ্বান
বিজ্ঞাপন
ভিসা প্রত্যাশীদের নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। আবেদনের ক্ষেত্রে সব তথ্য সঠিকভাবে দেওয়া এবং প্রকৃত ও বৈধ নথিপত্র জমা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণামূলক সেবা দেওয়ার প্রস্তাব দেয় অথবা কোনো ধরনের জালিয়াতির তথ্য জানা থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর জন্য আবেদনকারীদের উৎসাহিত করা হচ্ছে।
বিশেষ করে টাকা, পাসপোর্ট এবং ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা নিরাপদ রাখতে ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হাইকমিশন। এজেন্ট বা দালালের কথায় পড়ে অর্থ প্রদান কিংবা পাসপোর্ট হস্তান্তরের আগে তাদের বৈধতা ও ভিসা প্রক্রিয়ার নিয়ম যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।








