Logo

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ১১:০৮
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। সিঙ্গাপুর থেকে ভুটানের পথে থাকা বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। পাল্টা আমন্ত্রণ হিসেবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকেও ভুটানের রাজা এবং রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

আলোচনায় বাংলাদেশ-ভুটান সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ছিল ভুটান। এ কারণে বাংলাদেশের মানুষের কাছে দেশটির বিশেষ মর্যাদা রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার বাবা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের আন্তরিকতা ও শুভকামনার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার প্রসঙ্গ তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে ভুটানের রাজার দূরদর্শী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প নিয়েও আলোচনা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করে এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রকল্পটির বিষয়ে আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রপতি এর প্রশংসা করেন। একই সঙ্গে পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের উদ্দেশে ছেড়ে যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD