Logo

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর প্রসূতির মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
৮ অক্টোবর, ২০২৬, ১৪:২৯
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর প্রসূতির মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগ ওঠার প্রায় ছয় মাস পর ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের স্ত্রী। গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজারিয়ান সেকশন করা হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় তার পেটে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়েছিল।

পরিবারের সদস্যরা জানান, অস্ত্রোপচারের পর থেকেই বিথী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে প্রায় দুই মাস পর তাকে আবার অস্ত্রোপচার করাতে হয়। পরে নাড়িতে জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

পরিবারের দাবি, বাইপাস সার্জারিসহ একাধিক জটিল চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ৬১ কেজি ওজনের বিথীর ওজন কমে ৩৮ কেজিতে নেমে আসে। এমনকি নিজের নবজাতক সন্তানকে কোলে নেওয়া কিংবা বুকের দুধ খাওয়ানোর মতো অবস্থাতেও ছিলেন না তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিথীর স্বামী রাকিবুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য দীর্ঘ সময় বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিথীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা। তিনি বলেন, এ ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, জেলা প্রশাসক ও তিনি এর আগে বিথীর বাড়িতে গিয়ে তার শিশুসন্তানকে দেখেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD