রিয়াদ-দাম্মামে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার ৩৯৩ যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে পরিচালিত ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এসব যাত্রীর সৌদি আরব যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গণমাধ্যকে জানিয়েছে, গত শনিবার (১০ অক্টোবর) থেকে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি ফ্লাইট এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ফ্লাইটে। এয়ারলাইনটির ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের সাতটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় অবস্থানরত যাত্রীদেরও বহন করা হয়নি। ফলে সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিকল্প রুটে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুই গন্তব্যে বিমান চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
বিজ্ঞাপন
ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণসূচি পরিবর্তন করতে হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বিকল্প ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে অনেককে।








