Logo

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৩:২৬
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি তৈরির অভিযোগ এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় তার ওপর নজরদারি চালানো হয়। পরে রাত প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশা রাজধানীর গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি। এছাড়া যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলাতেও তার নাম রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত একটি মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারেও তাকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে রাজধানীর বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেফতার হওয়া সাবেক এই যুগ্ম সচিবের বিরুদ্ধে থাকা সব অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD