৪০০ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির এবং আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-১৪।
বিজ্ঞাপন
র্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।








