গুলশান সোসাইটি অফিসে ঢুকে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোসাইটির কাছে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)। রবিবার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে। সম্প্রতি ‘মাহাবুব ও রবিন গ্রুপ’ পরিচয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন। একই সঙ্গে ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তাঁরা।
অভিযোগ অনুযায়ী, এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন এবং প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পর গুলশান থানা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়।
পরে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








