Logo

প্রীতিভোজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত প্রার্থীকে শোকজ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৪ জানুয়ারি, ২০২৬, ১৬:০৩
প্রীতিভোজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত প্রার্থীকে শোকজ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে ২ জানুয়ারি, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত একটি প্রীতিভোজে। ওই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছিলেন ইউনিয়নের জামায়াত আমির মো. জসিম উদ্দিন।

সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বিষয়টি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ হিসেবে দেন।

বিজ্ঞাপন

এই অভিযোগের প্রেক্ষিতে শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞাপন

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ কারণে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন বলেন, দাঁড়িপাল্লায় ভোট চাওয়াটা সত্য। তবে এটা যে আচরণবিধি লঙ্ঘন, সেটা আমাদের আগে জানা ছিল না। ভবিষ্যতে সতর্ক থাকব। শোকজ নোটিশ সম্পর্কে আমরা জেনে নিয়েছি এবং জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে যথাযথ জবাব দেব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD