Logo

ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪
ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

খুলনা সদরের আলিয়া মাদরাসা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের মধ্যে বিএনপি নেতা মহিবুজ্জামান কচি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তার বাড়ি নগরের হাজী মহসিন রোড বাইলেনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কেন্দ্রের একাডেমিক ভবনের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে কচি গাছের সঙ্গে মাথায় আঘাত পান এবং মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, তাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে একজন অসুস্থ হয়ে পড়েন, পরে মারা যান। তার বক্তব্য অনুযায়ী, সেখানে ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা হয়নি। মাদরাসার সিসি ক্যামেরা দেখে সব পরিষ্কার হবে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং এটি তার দায়িত্বের বিষয় নয়। পুলিশ কর্মকর্তা সদর থানার এসআই খান ফয়সাল রাফি বলেন, দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। একজনকে সিএনজিতে করে বাইরে নেওয়া দেখা গেছে, তবে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদরাসায় জামায়াত নেতার ধাক্কায় মহিবুজ্জামান কচি নিহত হয়েছেন। তিনি অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতার দাবি জানান।

বিজ্ঞাপন

তবে আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন কয়েকজন মহিলাকে বের করা হচ্ছিল, তিনি সবাইকে যেতে বলেন। কাউকে ধাক্কা দেননি।

জামায়াতের প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম জানান, মহিবুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনায় জামায়াতকে জড়ানো দুঃখজনক এবং অধ্যক্ষ জামায়াতের সদস্য নন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD