মৌলভীবাজারের ৪ আসনে ভোটগ্রহণ শুরু

বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও শীতের কারণে সকালবেলায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রমুখী হতে শুরু করেছেন।
মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। তারা জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপি, পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী।
তিনি জানান, ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবির ৩০০ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, আনসার ব্যাটালিয়নের ১২০ জন, পুলিশের মোবাইল টিমের ২১২ জন, পুলিশের ৭৪ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৫৬ সদস্যের স্ট্রাইকিং ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৫০৫ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
বিজ্ঞাপন
ভোটকেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছেন পুলিশের ১ হাজার ১০৯ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ৭ হাজার ২০২ জন সদস্য। এছাড়া পুলিশের আরও ৫৬৪ জন সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
সার্বিকভাবে জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








