Logo

দিনাজপুর-৬ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

profile picture
উপজেলা প্রতিনিধি
হাকিমপুর, দিনাজপুর
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২
দিনাজপুর-৬ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

বিজ্ঞাপন

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দিনাজপুর-৬ আসনটি হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৮ হাজার ৮৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৭৯ হাজার ৫৯৩ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯৯টি।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, হাতপাখা, মই ও ফুটবল প্রতীকে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার মতিহারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে—যা তার নিজ বাড়ির পাশেই অবস্থিত—ভোট প্রদান করেন। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম বিরামপুর উপজেলায় তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। দীর্ঘদিন পর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

বিজ্ঞাপন

সার্বিকভাবে দিনাজপুর-৬ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD