চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা যায়। নির্বাচনে অংশ নেওয়া দুইটি আসনের ছয়জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিজ্ঞাপন
ভোট দিতে আসা বয়োজ্যেষ্ঠ ভোটার রফিকুল আলম বলেন, “দীর্ঘ ২০ বছর পর ভোট দিলাম। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবার মনে হচ্ছে খুব সুন্দর পরিবেশে ভোট হবে।”
নারী ভোটার আজমিরা খাতুন বলেন, “সকালে বাসার কাজ গুছিয়ে ভোটকেন্দ্রে এসেছি। এসে দেখি লম্বা লাইন। তবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।”
বিজ্ঞাপন
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে মোট ৩৫৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দুই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ১০ লাখ। বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন—এই তিন দলের মোট ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।








