আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করছে: শেখ রবিউল আলম

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। তারা শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ধানমন্ডি ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এবারের নির্বাচনি পরিবেশ আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট প্রদান করতে পারছেন। ভোটের মাঠে কোনো আধিপত্যবাদের প্রভাব নেই। সবাই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করছে।”
নিজের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এই এলাকায় ৩৩ বছর ধরে রাজনীতি করছি। এলাকাবাসী আমাকে চেনে, আমি তাদের চিনি। এলাকার উন্নয়ন ও নাগরিক স্বার্থ রক্ষায় আমি সবসময় কাজ করেছি। তারা যদি আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, আমি তাদের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব।”
বিজ্ঞাপন
ঢাকা-১০ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– ধানের শীষ প্রতীকে বিএনপির শেখ রবিউল আলম; লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির বহ্নি বেপারী; দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মো. জসীম উদ্দীন সরকার; হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল; হাতি প্রতীকে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. আবু হানিফ হৃদয়; আনারস প্রতীকে বাংলাদেশ লেবার পার্টির আবুল কালাম আজাদ; ঈগল প্রতীকে এবি পার্টির নাসরীন; সুলতানাছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আনিছুর রহমান; প্রজাপতি প্রতীকে আমজনতার দলের আব্দুল্লাহ আল হুসাইন; কলম প্রতীকে জনতার দলের মো. জাকির হোসেন।








