Logo

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ২১:২৮
নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ফাইল ছবি

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরুর পর দুর্নীতির অভিযোগ ওঠায় নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে তুলে ধরেন।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে নিজের আয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ জমা দিয়েছিলেন। এরপরও নানা জল্পনা-কল্পনা চলায় তিনি স্বচ্ছতার স্বার্থে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রথমে কেবল নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে যাতে কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে, সে জন্য পরিবারের সবার হিসাব একসঙ্গে প্রকাশ করা হয়েছে।

এনসিপি মুখপাত্রের দাবি অনুযায়ী, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এসব হিসাবে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে তিনি শিক্ষকতা পেশায় থাকাকালে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন, যার কিস্তি নিয়মিত বেতন থেকে পরিশোধ হচ্ছে। বর্তমানে ওই ঋণের বকেয়া রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। হিসাব অনুযায়ী, জমা অর্থ বাদ দিলে তার বাবা এখনো প্রায় ৮২ হাজার টাকার বেশি দেনায় আছেন।

আসিফ মাহমুদ জানান, তার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা জমা রয়েছে। স্ত্রীর একটি অ্যাকাউন্টে রয়েছে ৬১৩ টাকা।

বিজ্ঞাপন

নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও তুলে ধরেন তিনি। এর মধ্যে একটি সোনালি ব্যাংকের ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট, যেখানে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। অন্যটি ছিল তার সেলারি অ্যাকাউন্ট, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতার লেনদেন হতো।

তিনি জানান, ১৬ মাস দায়িত্ব পালনকালে গড়ে মাসিক প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন ও ভাতা এই অ্যাকাউন্টে জমা হয়েছে। বর্তমানে সেলারি অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সব মিলিয়ে এ অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। দুই অ্যাকাউন্ট মিলিয়ে বর্তমানে তার মোট জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, এসব তথ্য প্রকাশের উদ্দেশ্য হলো জনমনে কোনো বিভ্রান্তি না রাখা এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বচ্ছ জবাব দেওয়া।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD