শাহজালাল (রহ.) মাজারে সারজিসের রাজনৈতিক স্লোগান, সমালোচনার ঝড়

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে। বিষয়টি কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দরগা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে স্লোগান দেন সারজিস আলম। এ সময় এনসিপির নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা সেখানে অবস্থান করছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স্লোগানে সারজিস আলম বলেন, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদি না গোলামি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘জনতা না একতা, জনতা-জনতা’, ‘দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, সিলেট-সিলেট’।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ বিষয়ে নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম বলেন, সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপি নেতাদের এ আচরণ সুফি দরগার আদবের পরিপন্থী এবং এতে সিলেটবাসী ক্ষুব্ধ।
বিজ্ঞাপন
তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে মতামত অব্যাহত রয়েছে।








