Logo

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করা হবে: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৩:২২
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করা হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে নারী কণ্ঠস্বরগুলো হারিয়ে গেছে, তাদের পুনরায় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে এনসিপি, যেখানে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের একটি বড় স্টেকহোল্ডার হলো নারী। তাদের কণ্ঠশক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তারা রাজনীতি করুক বা না করুক, দেশ পরিবর্তন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—সেই আন্দোলনে সক্রিয় নারীরা এখন কোথায়? যারা রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তারা কেন এখন রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছেন না? আমরা রাজনৈতিক অঙ্গন থেকে অনেক নারীর হারিয়ে যাওয়া নিয়ে দায়িত্বশীল। জুলাই পদযাত্রার সময় দেশজুড়ে নারীদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। তারা পরিবর্তনের জন্য গভীর আকাঙ্ক্ষা রাখেন, কিন্তু পারিপার্শ্বিক বাস্তবতা ও বাধার কারণে তা কার্যকরভাবে প্রকাশ করতে পারেননি।”

নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই-পরবর্তী সময়ে নারীদের বিরুদ্ধে অনলাইন ও সাইবার হেনস্থা বেড়েছে। রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতির কারণে অনেক নারী রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছেন। বিশেষ উদাহরণ হিসেবে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে এক নারী কর্মীর আত্মহত্যার ঘটনা উল্লেখ করেন, যা সাইবার বুলিংয়ের কারণে ঘটেছিল।

বিজ্ঞাপন

এনসিপি আহ্বায়ক বলেন, “যেকোনো নির্বাচনের পর নারীদের প্রতি সহিংসতা বেড়ে যায়। সরকারের প্রতি আহ্বান থাকবে কঠোরভাবে এই ধরনের আচরণ বন্ধ করতে এবং আইনি ব্যবস্থা নিশ্চিত করতে। বিচারহীনতা সমাজে সহিংসতা বাড়াতে সাহায্য করে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত, ঝুমা, জায়মা ও মনিরা শারমিন। অনুষ্ঠানের শেষে নাহিদ ইসলাম জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করেন। মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুম, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদ আলম মিতু এবং আহ্বায়ক মনিরা শারমিনের নাম ঘোষণা করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD