‘ইঞ্জিনিয়ারিং’ করে এনসিপির প্রার্থীদের হারানো হয়েছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের একাধিক প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। তবে দেশের গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে দলটি নির্বাচনের ফল মেনে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কারচুপি ও পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে এনসিপির কয়েকজন প্রার্থীকে হারানো হয়েছে। এ সময় তিনি দলের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন। একই সঙ্গে ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকেও পরিকল্পিতভাবে পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা গণতন্ত্রের স্বার্থে এবং রাষ্ট্রের স্থিতিশীলতার বিষয়টি বিবেচনা করে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের আওতায় নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক দখলের চেষ্টা, সংসদে ঋণখেলাপিদের জায়গা দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রভাবের মধ্যে আনার উদ্যোগ—এসব বিষয় জনগণের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, যদি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দিয়ে তার কণ্ঠরোধের চেষ্টা করা হয়, তাহলে তাতে আন্দোলন থেমে যাবে না। বরং দেশের বিভিন্ন প্রান্তে আরও অনেক নতুন নেতৃত্ব তৈরি হবে।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, দেশের তরুণ ভোটার এবং সাধারণ মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে সচেতন হয়ে উঠছে। চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজন হলে তারা আবারও রাজপথে আন্দোলনে নামবে।
তিনি সতর্ক করে বলেন, আগামী ১২ মার্চ সংসদের অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠন না করা হয় এবং প্রতিশ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন তাদের অধিকার রক্ষায় নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
বিজ্ঞাপন
ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








