সহায়তায় দলীয় পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতেই পাবে সুবিধা: ইশরাক

সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে প্রকৃত যোগ্যদের মধ্যেই সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সরকারি সহায়তার ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যারা প্রকৃতপক্ষে সহায়তার উপযুক্ত, তারাই সুবিধা পাবেন। এখানে কোনো দলীয় পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় নেওয়া হবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং অতীতের তুলনায় সহায়তা কর্মসূচির পরিধি অনেক বিস্তৃত করা হয়েছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজেদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, জাতীয়তাবাদী ধারার রাজনীতি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। সরকার গঠনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে আরও বড় পরিসরে কাজ করা হচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে এ ধরনের সহায়তা কার্যক্রম মানুষের মাঝে স্বস্তি এনে দেবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা।








