এনসিপি নেতা সারজিস আলমের দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার মূত্রনালীতে পাথর ধরা পড়েছে। চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং দলের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে সারজিস আলমকে দ্রুত রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মূত্রনালীতে পাথরের উপস্থিতি শনাক্ত করেন।
বিজ্ঞাপন
বর্তমানে তিনি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।
এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন, সারজিস আলমের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার দ্রুত সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে উত্তরাঞ্চলে দলীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আসন্ন নির্বাচনী প্রস্তুতিতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকরা আশাবাদী, সফল অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মসূচিতে ফিরতে পারবেন।








