গেজেট প্রকাশ স্থগিত রাখতে ইসিতে আবেদন মনিরা শারমিনের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের কাছে গেজেট প্রকাশ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা তার রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, মনিরা শারমিন এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও গত ২০ এপ্রিল তা বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন, তবে ২৮ এপ্রিল আপিলটি খারিজ হয়ে যায়। তার দাবি, মনোনয়ন বাতিল এবং আপিল খারিজ—উভয় সিদ্ধান্তই আইনসম্মত হয়নি।
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে তিনি হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন, যার শুনানি ৪ মে একটি ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রিটে তিনি তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
আবেদনে আরও বলা হয়, আদালতের শুনানি সম্পন্ন হওয়ার আগে একই দলের অন্য প্রার্থী নুসরাত তাবাসসুমকে চূড়ান্তভাবে মনোনীত করা এবং তার নামে গেজেট প্রকাশ করা হলে তা ন্যায়সংগত হবে না। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের উচিত অপেক্ষা করা।
বিজ্ঞাপন
মনিরা শারমিন তার আবেদনে উল্লেখ করেন, দলীয়ভাবে প্রাথমিকভাবে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছিল। ফলে আদালতের চূড়ান্ত নির্দেশনার আগে গেজেট প্রকাশ করা হলে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হলে পরবর্তীতে আদালতের রায়ে জটিলতা তৈরি হতে পারে, যা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। তাই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষিত আসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।








