আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। একই সঙ্গে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক অবস্থান জানান দেয় সংগঠনটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়। এটি কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতারা দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সমাবেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেই অর্থ ব্যবহার করে তারা এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। দেশবাসীকে এসব কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে এবং দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকবে।
মিছিলে নেতৃত্ব দেন এ এ জহির উদ্দিন তুহিন ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।








