বিদ্যুৎ-গ্যাস সংকটের পেছনে দুর্নীতি-অব্যবস্থাপনা: গোলাম পরওয়ার

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। ৯ আগস্ট থেকে দেশজুড়ে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ৯ আগস্ট বিদ্যুৎ ঘাটতি ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট, ১০ আগস্ট ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট, ১১ আগস্ট ৩ হাজার ৪৬৫ মেগাওয়াট এবং ১২ আগস্ট ঘাটতি ছিল ৩ হাজার ৩৮২ মেগাওয়াট। অর্থাৎ সাম্প্রতিক কয়েক দিনে গড়ে প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পখাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ১২ আগস্ট দেশে গ্যাসের চাহিদা ছিল ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হয়েছে ২০৩ কোটি ঘনফুট। জ্বালানি সংকট ক্রমেই বাড়তে থাকায় জনমনে ক্ষোভও বাড়ছে। এরই মধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটিকে সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যর্থতার একটি চিত্র বলে উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গোলাম পরওয়ারের অভিযোগ, বিদ্যুৎ ব্যবস্থাপনায় সরকার দীর্ঘমেয়াদি ও কার্যকর সিদ্ধান্ত না নেওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে মানুষ রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে করতে পারছে না। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়াকে সরকারের দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, জ্বালানি খাত বেসরকারিকরণের নামে পুরোনো অলিগার্কদের নতুন করে সুবিধা দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
বিজ্ঞাপন
দুর্ভোগ কমাতে গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্প খাতে গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমানো এবং এনার্জি কনভার্শন-সংক্রান্ত নীতিমালা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি সহজ করার দাবি জানান গোলাম পরওয়ার।
এ ছাড়া তেল পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি বা বেসরকারি উদ্যোগে অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।








