Logo

প্যারোলে মুক্তির পর দীপু মনির স্বামীর জানাজার সিদ্ধান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১১:৪৯
প্যারোলে মুক্তির পর দীপু মনির স্বামীর জানাজার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করা হবে। প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবার ও আইনজীবীদের পক্ষ থেকে দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। প্যারোলে মুক্তির সিদ্ধান্ত ও কারাগার থেকে বের হওয়ার সময়ের ওপর নির্ভর করেই জানাজার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে যান স্বজনরা।

পেশাগত জীবনে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে দীপু মনির প্যারোল আবেদন মঞ্জুর হলে তিনি স্বামীর জানাজায় অংশ নিতে পারবেন কি না এবং কত সময়ের জন্য মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD