Logo

বিপ্লবী ছাত্ররাজনীতি থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৬:৪১
বিপ্লবী ছাত্ররাজনীতি থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় পরিচিত মুখ রুহুল কবির রিজভী। দলের কঠিন সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত উপস্থিতি, সংবাদ সম্মেলন এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলটির নেতাকর্মীদের কাছে গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিতি পান। এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অধ্যায়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি যখন নানা চাপ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন দলের তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রিজভীও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। বিএনপি চেয়ারপারসন কারাগারে এবং বর্তমান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে অবস্থানকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত দেখা যেত রিজভীকে।

বিভিন্ন সংকট ও রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরতেন তিনি। দীর্ঘ সময় ধরে দলের পক্ষে সক্রিয়ভাবে কথা বলার কারণে নিজ এলাকা ও দলীয় সমর্থকদের মধ্যে তার নতুন দায়িত্ব নিয়ে উৎসাহ তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে তার।

ছাত্রজীবনের শুরুতে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন রিজভী। একসময় সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

বিজ্ঞাপন

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর সংগঠনটিতে যোগ দেন রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলের কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘ সময় কাজ করার পর ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন রিজভী। পরে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তাকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট ২০২৬ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে। এরপর ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হন রুহুল কবির রিজভী।

বিপ্লবী ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা রিজভীর জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দলীয় রাজনীতিতে দীর্ঘ পথচলার গুরুত্বপূর্ণ এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD