Logo

বিএনপি নেতা সালাউদ্দিনের আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৯
বিএনপি নেতা সালাউদ্দিনের আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

জানাজার আগে সালাহউদ্দিন আহমেদের জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, এই প্রবীণ রাজনীতিবিদের জানাজা ও দাফনের কর্মসূচি তিনটি ধাপে সম্পন্ন হবে। এর প্রথম ধাপ হিসেবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দ্বিতীয় ধাপে দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর মরদেহ রাখা হবে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সবশেষে বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা।

সালাহউদ্দিন আহমেদ ১৯৫৪ সালের ১ মে ঢাকার কদমতলী পশ্চিম, শ্যামপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আঃ ব্যারেক সর্দার।

বিজ্ঞাপন

তিনি ধোলাইপাড় উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং জগন্নাথ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে ব্যবসা ও প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত হন। তিনি ‘দৈনিক দেশ জনতা’ পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন।

সমাজসেবায়ও তাঁর ভূমিকা ছিল। তিনি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সালাহউদ্দিন আহমেদ রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD