পবিত্র হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ আল-হুযাইফি

চলতি বছরের পবিত্র হজে আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি। আগামী ৯ জিলহজ তিনি এই গুরুত্বপূর্ণ খুতবা দেবেন।
বিজ্ঞাপন
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। হারামাইনবিষয়ক একটি ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: কুরবানির আগে চুল-নখ না কাটার বিধান কী?
শায়খ আলী আল-হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।
বিজ্ঞাপন
১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববী-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি মসজিদুল হারাম-এ তারাবির নামাজে ইমামতি করেছেন এবং কুবা মসজিদ-এও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুমধুর কুরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপক পরিচিত।
আরও পড়ুন: কোরবানির পশুর যেসব অংশ খাওয়া যাবে না
আরাফাতের দিনের খুতবা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজির জন্য এই খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।








