Logo

মিনায় সমবেত লাখো মুসল্লি, হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে, ২০২৬, ১৩:২৫
মিনায় সমবেত লাখো মুসল্লি, হজের মূল আনুষ্ঠানিকতা শুরু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ভোর থেকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মক্কা ও আশপাশের এলাকা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হজযাত্রী এখন তাঁবুর নগরী মিনা অভিমুখে যাত্রা করছেন। দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর কার্যক্রম চলবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

হজের নিয়ম অনুযায়ী, সোমবার দিনভর ও রাতজুড়ে মিনায় অবস্থান করে ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন হজযাত্রীরা। এরপর মঙ্গলবার ৯ জিলহজ হজের প্রধান রোকন পালনের জন্য তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। আরাফায় অবস্থান বা ‘ওকুফে আরাফা’ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে পবিত্র ঈদুল আজহার উৎসব। পরে হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে ধীরে ধীরে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

বিজ্ঞাপন

এদিকে মিনা, আরাফাত ও আশপাশের পবিত্র স্থানগুলোতে তীব্র গরম বিরাজ করছে। সৌদি আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার আরাফার দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

হজযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত ছাউনির ব্যবস্থা, মিস্ট ফ্যান, বিশুদ্ধ পানির সরবরাহ এবং চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত গরমে অসুস্থতা এড়াতে হাজিদের ছাতা ব্যবহার ও বেশি বেশি পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD