Logo

পবিত্র হজ শেষে চালু হলো নতুন ওমরাহ ভিসা কার্যক্রম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন, ২০২৬, ১২:২৬
পবিত্র হজ শেষে চালু হলো নতুন ওমরাহ ভিসা কার্যক্রম
ছবি: সংগৃহীত

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন ও ইস্যু কার্যক্রম পুনরায় শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের ওমরাহ ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা এখন আবার ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ওমরাহ যাত্রীরা সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।

একীভূত এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হোটেল বুকিংসহ ওমরাহ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ও অনুমোদন সহজেই পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল সেবার পরিধি বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

হজ ও ওমরাহ সেবার আধুনিকায়ন সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অন্যতম অংশ। এর আওতায় ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোডভিত্তিক যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুমে আরও বেশি মুসল্লি আধুনিক ও সহজতর ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD