Logo

খুতবা শেষে আরাফার ময়দানে হাজিদের নামাজ আদায়

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৬, ১৭:২৭
খুতবা শেষে আরাফার ময়দানে হাজিদের নামাজ আদায়
ছবি: সংগৃহীত

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফার ময়দানে খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা একসঙ্গে এই দুই ওয়াক্তের নামাজ আদায় করেন। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শুরু হয় হজের খুতবা।

বিজ্ঞাপন

আরাফার নামিরাহ মসজিদ থেকে এবারের হজের খুতবা পাঠ করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। বিশ্বের মুসলিমদের জন্য এবারও বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ শুনতে পেয়েছেন বাংলা ভাষাভাষী মুসল্লিরা।

এ বছর খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে ছিলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে পড়াশোনা করেছেন।

বিজ্ঞাপন

আরবি বর্ষপঞ্জি অনুসারে সৌদিতে আজ ৯ জিলহজ। এটি পবিত্র ‘আরাফা দিবস’ হিসেবেও পরিচিত। ঐতিহাসিক এই ময়দানে দিনব্যাপী ইবাদত বন্দেগি আর দোয়া মোনাজাতে মশগুল হাজিরা। এদিন সকাল থেকে তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক্, লা শারিকা লাকা’।

সাদা দুই টুকরা কাপড়ে শরীর ঢেকে হজযাত্রীরা মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায়ের পর থেকেই পবিত্র আরাফার ময়দানের উদ্দেশে রওনা করেন। এই ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধারণ করে মুসলিমরা সমবেত হন এই পবিত্র প্রান্তরে।

বিজ্ঞাপন

আজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে অবস্থান শেষে বুধবার ১০ জিলহজ পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং শুরু হবে পবিত্র ঈদুল আজহা।

এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে ধীরে ধীরে নিজ নিজ দেশের পথে ফিরতে শুরু করবেন।

তথ্যসূত্র: ইনসাইড দ্য হারামাইন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD